ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়ন করার সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করায় বিষয়টি প্রকাশ্যে আসে। শ্রম মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ প্রবাসীদের মধ্যে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ৬০ বছর বয়স পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ প্রদান করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও বর্তমানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি চালু রয়েছে, তবে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি।







