বিলাসী জীবন তবু ঋণ শোধ করেন না তাঁরা
থাকেন শতকোটি টাকার আলিশান বাড়িতে, চড়েন কোটি টাকার বিলাসবহুল গাড়িতে। নিজ ও পরিবারের নামে করেছেন স্কুল-কলেজ, মাদরাসা-মসজিদ। নামে-বেনামে কিনেছেন জমি, নতুন নতুন শিল্প-কারখানা গড়ছেন। সমাজে প্রভাব-প্রতিপত্তিও বিপুল। নিয়মিত যান বিদেশে। আবার বিশ্বের বিভিন্ন দেশে গড়েছেন সেকেন্ড হোম। পাচার করছেন অর্থ। সবই ঠিক চলছে। শুধু ব্যাংক ঋণের টাকা ফেরত দেওয়াতে যত অনীহা। গতকাল শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে ৩০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন তাঁদের অনেকের জীবনযাত্রার চিত্র এটি। আবার ঋণের টাকা মেরে সপরিবারে বিদেশে পালিয়েছেন এমন উদাহরণও আছে। এঁদের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা বর্তমানে প্রায় ৫১ হাজার কোটি টাকা, যা প্রায় দুটি পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের সমান।
অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বর্তমানে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। সাম...













