চীনা পর্যটনের নতুন হাওয়ায় সম্ভাবনা বাংলাদেশেরও
ফয়সল আবদুল্লাহ, বেইজিং থেকে
পর্যটন বলতে আমরা সচরাচর বুঝি, সবাই যা দেখে সেটাই দেখতে যাওয়া। নতুন দিনের বিশ্বে এই সংজ্ঞাই শেষ কথা নয়। পর্যটন মানে এখন আর শুধু ছুটির দিনে নামকরা কিছু জায়গায় লাইন ধরে টিকিট কেটে ঘুরতে যাওয়া নয়। ছুটির সময়ে যে স্থান বা ঐতিহ্য আমাদের আবেগ ও অনুভূতিকে সত্যিকার অর্থে নাড়া দিতে পারে সেটাও হয়ে যেতে পারে পর্যটনের হটস্পট। পর্যটন হতে পারে এমন কিছু ঘটনার অভিজ্ঞতা ঝুলিতে ভরে নেওয়া, যা মনে থাকবে আজীবন। আর এমনটাই করে দেখিয়েছে চীন। দেশটিতে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে নতুন ধাঁচের ‘স্রোতের বিপরীতে পর্যটন’। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ‘রিভার্স ট্যুরিজম’। চীনের দেখাদেখি পর্যটনের এই নতুন হাওয়া যদি বাংলাদেশেও লাগে, তবে একদিকে যেমন অভ্যন্তরীণ অর্থনীতি উপকৃত হবে, তেমনি খুলে যেতে পারে বৈদেশিক মুদ্রা আসার পথ।
পর্যটনে রয়েছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ। সেই আবিষ্কারের দায়িত্ব কিন্তু বড় বড় প্রতিষ্...
