চীনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেতে চলেছে মানবাকৃতি রোবট - Mati News
Friday, May 15

চীনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেতে চলেছে মানবাকৃতি রোবট

সাকিব সিকান্দার: চীনের হুপেই প্রদেশের কিছু মানবাকৃতি রোবট প্রথমবারের মতো শিগগিরই তাদের নিজস্ব পরিচয়পত্র নম্বর পেতে চলেছে। এর মাধ্যমে রোবটগুলোর পুরো জীবনচক্রভিত্তিক কার্যক্রম নথিভুক্ত করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকাশমান রোবট শিল্পে পূর্ণাঙ্গভাবে নজরদারি ও স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

এই নম্বরে থাকবে ২৯টি অঙ্ক ও ইংরেজি অক্ষর। এর মাধ্যমে একটি রোবটের ব্র্যান্ডের জাতীয়তা, কোম্পানি, পণ্যের মডেল ও সিরিয়াল নম্বর শনাক্ত করা যাবে। এতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, হার্ডওয়্যার প্যারামিটার, বুদ্ধিমত্তার স্তর এবং কারখানার নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

চীনা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো প্রতিটি রোবটের নম্বরও হবে স্বতন্ত্র, তবে এতে অতিরিক্ত ১১টি অঙ্ক থাকবে।

মৌলিক স্থির তথ্যের পাশাপাশি এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ রেকর্ড ও ব্যবহার পরিস্থিতিসহ পুরো জীবনচক্রের তথ্যে নজর রাখা যাবে। একই সঙ্গে সংযোগস্থলের ক্ষয়, ব্যাটারির অবস্থা এবং কার্যক্রমের নির্ভুলতার মতো তাৎক্ষণিক তথ্যও যেকোনো সময় দেখা যাবে বলে জানান উহানের হুপেই হিউম্যানয়েড রোবোট ইনোভেশন সেন্টারের প্রধান পরিচালন কর্মকর্তা লিউ ছুয়ানহৌ। প্রতিষ্ঠানটি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘যদি কোনো রোবট বিকল হয়ে যায়, তাহলে তার স্বতন্ত্র পরিচয় নম্বরের মাধ্যমে আমরা পরিচালন লগ ও রক্ষণাবেক্ষণ রেকর্ড পরীক্ষা করে ত্রুটির উৎস শনাক্ত ও মেরামত করতে পারব।’

কেন্দ্রটি ইতোমধ্যে শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে প্রথম ধাপের প্রতিষ্ঠান ও পণ্যের আবেদন ও কোডিং পরীক্ষা সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট জাতীয় মানদণ্ড প্রকাশের পর আনুষ্ঠানিক নম্বর প্রদান শুরু হবে।

বেইজিং-ভিত্তিক বেইজিং সিসিআইডি পাবলিশিং অ্যান্ড মিডিয়া ও চায়না ইলেকট্রনিক্স নিউজ মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০২৫ সালে বিশ্বব্যাপী মানবাকৃতির রোবটের চালান প্রায় ১৭ হাজার ইউনিটে পৌঁছেছে এবং বাজারের আকার দাঁড়িয়েছে দুই দশমিক ৮৮ বিলিয়ন ইউয়ানে।

প্রতিবেদন অনুযায়ী, চীনে বর্তমানে ১৪০টির বেশি মানবাকৃতির রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। দেশটির মোট চালান ১৪ হাজার ৪০০ ইউনিট, যা বৈশ্বিক মোটের ৮৪ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে চীনের বাজারের আকার ১ দশমিক ৫৫ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা বৈশ্বিক বাজারের ৫৩ দশমিক ৮ শতাংশ।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *