২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি - Mati News
Tuesday, September 15

২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন বৈশ্বিক এই আসরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।

স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন।

বৈঠক শেষে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি সমঝোতা স্মারক বা ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনায় দুই দেশ একে অপরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এর ফলে আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং কৌশলগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টটির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *