ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ - Mati News
Monday, September 28

ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছাকাছি একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি দ্বীপের উপকূলের অদূরে অবস্থান করছিল বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ দাবি করেছে, মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার পরপরই জাহাজ থেকে নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানা কিংবা উদ্ধার তৎপরতার বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে সামরিক উত্তেজনার এই সময়ে দ্বীপের আশপাশে যেকোনো ধরনের হামলা ইরানের জ্বালানি রপ্তানি খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি খারগ দ্বীপটি দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও বিভিন্ন হুমকির কারণে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *