প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ - Mati News
Friday, September 11

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই সেবা পৌঁছে দিতে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ই-পাসপোর্ট সুবিধা থাকা মিশনগুলোতে প্রবাসীরা এখন অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক প্রদান এবং আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট ও এনআইডি ঢাকা থেকে ইস্যু হওয়ায় প্রক্রিয়াটি গতিশীল করতে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে তাৎক্ষণিক অবহিত করা হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের ভোগান্তি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ঢাকা থেকে কারিগরি দল পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া কনস্যুলার সেবা সহজতর করতে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখছে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন যাচাই প্রক্রিয়া সহজ করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সব মিশনে প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ কার্যকর রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *