দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় তিনি নতুন বিধিমালাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলে সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই খাতের উন্নয়নে তারাই মূল অংশীজন। বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে বিধিমালা প্রণয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতকে স্বাগত জানান তিনি। সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
মন্ত্রী জানান, বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধা বিবেচনায় বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিধানে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিমানের জটিল যন্ত্রাংশ মেরামত ও ওভারহলের বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
কেপটাউন কনভেনশনের শর্তাবলি অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় নতুন বিধি যুক্ত করার কথাও জানান মন্ত্রী। এর আওতায় অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্বপ্রদান সংক্রান্ত নিয়ম অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সংশ্লিষ্টদের সহযোগিতায় বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ এভিয়েশন হাবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সভায় মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিমানমন্ত্রী বলেন, ‘‘দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়েছেন।




















