টানা পাঁচদিনের ভারী বৃষ্টিতে মেঘে ঢাকা শাংহাই, জারি একাধিক আবহাওয়া সতর্কতা
চীনের শাংহাইয়ে টানা পাঁচদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরজীবন ব্যাহত হয়েছে। অবিরাম মুষলধারে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে কর্তৃপক্ষ একাধিক আবহাওয়া সতর্কতা জারি করেছে। একই সঙ্গে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের চিংপু জেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বর্ষণ। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বিকেল ৫টা ২০ মিনিটে তীব্র বাতাসের জন্য নীল সতর্কতা জারি করে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় সেটি হলুদ সতর্কতায় উন্নীত করা হয়।
সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর শাংহাই পৌর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শহরের বিভিন্ন অঞ্চলের জন্যও তীব্র বাতাসের সতর্কতা জারি করে। এর পরপরই ঝোড়ো আবহাওয়ার কারণে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতাও ঘোষণা করা হয়।
বুধবার পর্যন্ত শাংহাই টানা পাঁচদিন ধরে বৃষ্টিপাতের মধ্যে রয়েছে। বিশেষ করে প্রতিদিন বিকেলের দিকে প্...






