বিশ্বে আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্টের - Mati News
Sunday, October 25

বিশ্বে আস্থা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্টের

অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক করে তুলতে সবপক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার ২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম (সিয়ংআন)-এ পাঠানো এক অভিনন্দন বার্তায় এ আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।

বার্তায় সি চিন পিং বলেন, বিশ্ব বর্তমানে এমন এক দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থার ঘাটতি কমার পরিবর্তে আরও বাড়ছে।

তিনি বলেন, আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং একটি উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তিনি বৈশ্বিক শাসন উদ্যোগ (জিজিআই) প্রস্তাব করেছেন।

চীনের প্রেসিডেন্ট জানান, পরামর্শ, যৌথ অবদান ও সবার জন্য সুফল নিশ্চিত করার নীতির ভিত্তিতে বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়নে চীন সবপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। পারস্পরিক আস্থা জোরদার করে সম্মিলিত শক্তি বৃদ্ধি এবং সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রেসিডেন্ট আরও বলেন, অস্থিরতা ও পরিবর্তনের এই সময়ে বিশ্বে আরও নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে বৈশ্বিক শাসন উদ্যোগের বাস্তবায়ন এগিয়ে নেয়া প্রয়োজন।

শুক্রবার চীনের উত্তরাঞ্চলীয় হ্যপেই প্রদেশের সিয়ংআন নিউ এরিয়ায় শুরু হয়েছে ২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম। চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামের প্রতিপাদ্য ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: রূপান্তরশীল বিশ্বে বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়ন’।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *