চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের উদ্ধার, জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য মোট ৮ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রমে ৫ কোটি ইউয়ান এবং পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রমে আরও ৩ কোটি ইউয়ান বরাদ্দ দেয়া হয়েছে।
দেশটির গণমাধ্যম সিজিটিএনের প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগকু শহরের বাকেন কাউন্টিতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ১৬ জনের প্রাণহানি এবং ৭৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে বরাদ্দ ৫ কোটি ইউয়ান উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় ব্যয় করবে। অন্যদিকে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন কেন্দ্রীয় বাজেট থেকে আরও ৩ কোটি ইউয়ান বরাদ্দ করেছে। এই অর্থ ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও জনসেবামূলক স্থাপনা পুনরুদ্ধারে ব্যবহার করা হবে।
ভূমিকম্পের পর চীন জাতীয় ভূমিকম্প জরুরি মোকাবিলা কার্যক্রমের সতর্কতা ও প্রতিক্রিয়ার স্তর চতুর্থ থেকে তৃতীয় স্তরে উন্নীত করেছে। একই দিন বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমের প্রতিক্রিয়ার স্তরও তৃতীয় পর্যায়ে উন্নীত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগকবলিত এলাকায় অতিরিক্ত যৌথ কর্মদল পাঠানো হয়েছে।
সূত্র: সিএমজি

















