সায়েন্স টিচার
কবির কাঞ্চন
ক'দিন ধরে পৃথাদের মন ভালো নেই। ভালো থাকবেইবা কেমন করে। ওদের সবচে' প্রিয় সায়েন্স টীচার হঠাৎ করে গায়েব হয়ে গেছেন। স্যারের গায়েব হওয়ার বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। স্টপ গ্যাপ ক্লাসে যে স্যারই আসেন অমনি ওরা জিজ্ঞেস করে বসে, "স্যার, আমাদের বাবলু স্যার কোথায়? আমরা বাবলু স্যারের ক্লাস করব।" স্টপ গ্যাপ ক্লাস নিতে আসা শিক্ষক ওদের ধমক দিয়ে থামিয়ে দেন। জুম্মান স্যার তো বলেই ফেললেন, "কোন স্যার এলো-গেল সেটা তোমাদের দেখার বিষয় না। আগে মনোযোগ দিয়ে ক্লাস করো। যত্তসব! "
এভাবে প্রায় পাঁচ দিন কেটে যায়। এ কয়দিনে ওদের সায়েন্স ক্লাসের অবস্থা অনেকটা যাচ্ছেতাই। বাবলু স্যারের মতো করে কেউ সায়েন্সের খুঁটিনাটি বোঝান না। তাছাড়া স্টপ গ্যাপ ক্লাস করতে আসা স্যারদের আচরণও অনেকটা সৎমায়ের মতো।
মঙ্গলবার। পৃথার হঠাৎ মনে পড়ে ওদের সায়েন্স প্রজেক্টের কথা। বাবলু স্যার লাস্ট ক্লাসে ওদের একটি প্রজেক্ট ওয়ার্ক ...













