মেঘ, ফুল আর কফির শহর খুনমিং
লুৎফর কবির
বিমানের জানালায় চোখ পড়তেই মনে হলো, যেন মেঘের বুক চিরে এগিয়ে চলেছি এক রূপকথার শহরে। নিচে সবুজ পাহাড়, তার গা বেয়ে নামছে শুভ্র মেঘ। সেই মেঘের চাদর সরতেই দেখা মিলল নির্মল নগরী—প্রশস্ত সড়ক, সারি সারি ফুল, ঝকঝকে পরিবেশ আর নীরবে ছুটে চলা বৈদ্যুতিক গাড়ি। কোথাও নেই ধুলো, নেই হর্ন আর মানুষের তাড়াহুড়ো। এ সবমিলিয়ে মানুষ, প্রকৃতি, আর প্রযুক্তি একই ছন্দে বেঁচে থাকার এক নতুন ভাষা শিখিয়েছে এই শহরকে।
খুনমিংয়ে এসে প্রথম যে অনুভূতিটি জন্ম নেয়, তা হলো—একটি শহরও কতোটা কোমল হতে পারে। চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংকে বলা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। এটি শুধু মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ শহর নয়; এখানে সভ্যতা, সংস্কৃতি, প্রকৃতি ও আধুনিকতার মিশেল। মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের কাছাকাছি অবস্থানের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল ছিল মানুষের যাতায়াত, বাণিজ্য ও স...














