এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় চীনের গুরুত্ব বাড়ছে - Mati News
Friday, November 20

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় চীনের গুরুত্ব বাড়ছে

সাকিব সিকান্দার

চীনের ছয় মাসের আলোচনা ও গবেষণার পর প্রণীত হয়েছে এপেক সমুদ্রবিষয়ক সচেতনতা কর্মপরিকল্পনা। আর চলতি মাসের শুরুতে এ পরিকল্পনা ২১টি এপেক অর্থনীতির সম্মতি পেয়েছে। এর মধ্য দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনার নীতি ও মানদণ্ড নির্ধারণে চীনের ক্রমবর্ধমান ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে।

শেনচেনে চলতি সপ্তাহের এপেক ইকোনমিক লিডার্স মিটিংয়ের আগে ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে বিশ্ব সমুদ্র সপ্তাহ চলাকালে পরিকল্পনাটি প্রকাশ করা হয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বিষয়ক আলোচনায় নিষ্ক্রিয় অংশগ্রহণকারী থেকে পরিবেশনীতি, প্রযুক্তি হস্তান্তর ও উপকূলীয় সংরক্ষণে আঞ্চলিক নীতিনির্ধারণের অন্যতম প্রধান রূপকার হিসেবে চীনের অগ্রযাত্রায় এটি সর্বশেষ মাইলফলক।

চীনের প্রাকৃতিকসম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন তানহোং বলেন, ‘গত এক দশকে চীনের ভূমিকা বিস্তৃত হয়েছে। দেশটি এখন আর শুধু বিদ্যমান কর্মসূচির প্রতিক্রিয়া জানাচ্ছে না, বরং এ অঞ্চলে সামুদ্রিক উন্নয়নের গতিপথ নির্ধারণেও ভূমিকা রাখতে শুরু করেছে।‘

১৯৯১ সালে চীন এপেকে যোগ দেওয়ার সময় এ ফোরামের মূল মনোযোগ ছিল বাণিজ্য উদার ও সহজ করার ওপর। সামুদ্রিক বিষয়গুলো তখন কৌশলগত অগ্রাধিকারের পরিবর্তে মূলত কারিগরি আলোচনার বিষয় ছিল। আন্তর্জাতিক নিয়মকানুন সম্পর্কে ধারণা অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে চীন এ প্ল্যাটফর্মকে কাজে লাগায়।

২০১১ সালে এপেকের সমুদ্র ও মৎস্যবিষয়ক ওয়ার্কিং গ্রুপ গঠনের মধ্য দিয়ে এ পরিস্থিতির পরিবর্তন ঘটে। আঞ্চলিক অর্থনীতিগুলোর মধ্যে সমুদ্রনীতি ও কার্যক্রম সমন্বয়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হয়ে ওঠে এটি।

একই বছর সিয়ামেনে এপেক মেরিন সামুদ্রিক টেকসই উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়। পাশাপাশি চীন এপেকের আলোচনায় ‘ব্লু ইকোনমি’ ধারণা তুলে ধরে। এর ফলে সামুদ্রিক টেকসই উন্নয়নের বিষয়টি গৌণ আলোচনার পর্যায় থেকে আঞ্চলিক অভিন্ন অগ্রাধিকারে পরিণত হয়।

ছেন বলেন, ‘এই ধারণা এপেকের সামুদ্রিক সহযোগিতার জন্য একটি মূল কাঠামো তৈরি করেছে। এর মাধ্যমে মৎস্যসম্পদ, সামুদ্রিক বর্জ্য ও সংরক্ষণের মতো বিচ্ছিন্ন বিষয়গুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা সম্ভব হয়েছে।‘

এপেকের সামুদ্রিক সহযোগিতা দ্রুত সম্প্রসারিত ও প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয় চীন। এর মধ্যে রয়েছে ব্লু ইকোনমি ফোরাম, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা বিষয়ক কর্মশালা এবং সামুদ্রিক বর্জ্যবিষয়ক সেমিনার আয়োজন। এ ছাড়া এপেকের সামুদ্রিক টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রণয়নেও নেতৃত্ব দিচ্ছে দেশটি। প্রতিবেদনটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এতে জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে আঞ্চলিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সমুদ্রবিজ্ঞান বিষয়ক ফার্স্ট ইনস্টিটিউটের গবেষক ছোং পাইলিন বলেন, ‘সমুদ্র সম্পর্কে সচেতনতা বলতে শুধু সামুদ্রিক বাস্তুতন্ত্র ও প্রাণী সম্পর্কে জানা বোঝায় না। এর অর্থ সমুদ্রের সঙ্গে জলবায়ু, সামাজিক জীবন ও মানব উন্নয়নের সম্পর্ক বোঝা এবং সমুদ্রের যত্ন নেওয়া ও সুরক্ষায় অংশগ্রহণের সক্ষমতা গড়ে তোলা।‘

সমুদ্রবিজ্ঞান বিষয়ক ফার্স্ট ইনস্টিটিউটের সহকারী গবেষক তেং আইফাং বলেন, ‘জনসাধারণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি। তবে এ জন্য ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি প্রচেষ্টা প্রয়োজন।‘

তিনি বলেন, ‘সমুদ্র সম্পর্কে সচেতনতা তৈরি ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা এককালীন কোনো কাজ নয়। এপেকের সহযোগিতাও এমন হওয়া উচিত নয়। আমরা কতগুলো নথি তৈরি করলাম, সেটি প্রকৃত সাফল্যের মাপকাঠি নয়। বরং উপকূলীয় জনগোষ্ঠী তাদের জীবনে কতটা পরিবর্তন অনুভব করছে, সেটিই আসল বিষয়।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *