অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক - Mati News
Tuesday, July 21

অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক

এপেক দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে চীন। বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বৈদ্যুতিকীকরণ ও বুদ্ধিমান রূপান্তর ত্বরান্বিত করাই হবে এর লক্ষ্য। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যন্ত্রপাতি উৎপাদন শিল্প বিভাগের মহাপরিচালক এবং ৪৩তম এপেক অটোমোটিভ সংলাপের সহসভাপতি ওয়াং ওয়েইমিং বলেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পে একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। শাংহাইতে সম্প্রতি এ বিষয়ের একটি সংলাপের অধিবেশন শেষ হয়।

তিনি বলেন, নতুন প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের ঢেউ—বিশেষ করে কৃত্রিম ‍বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্রুত অগ্রগতি অটোমোবাইল শিল্পের উন্নয়নে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

ওয়াং বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চীনে ব্যবসা সম্প্রসারণের আমন্ত্রণ জানিয়ে বলেন, স্থিতিশীল, বাধাহীন ও দক্ষ শিল্প ও সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সব পক্ষের সঙ্গে সহযোগিতা গভীর করতে চীন প্রস্তুত।

তিনি তিনটি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরেন—আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, উন্নয়ন পরিবেশ উন্নত করা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে সহায়তা দেওয়া।

প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে সেমি-সলিড-স্টেট ব্যাটারির বাণিজ্যিক ব্যবহার এবং এমন চার্জিং প্রযুক্তি, যা মাত্র ১৫ মিনিটে ব্যাটারির ৮০ শতাংশ চার্জ দিতে পারে।

চীনে ইতোমধ্যে এআইযুক্ত যানবাহন পরীক্ষার জন্য ৫৭ হাজার কিলোমিটারের বেশি সড়ক উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি ১১ হাজারের বেশি সড়কে বুদ্ধিমান ইউনিট স্থাপন করা হয়েছে। দেশটিতে ২ কোটি ৯ লাখের বেশি চার্জিং পাইল এবং ৫ হাজার ১৫৫টির বেশি ব্যাটারি বদলানোর স্টেশনও নির্মাণ করা হয়েছে।

সূত্র: সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202605/16/6a07a6daa310d68600fd90bc.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *