একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই - Mati News
Sunday, October 11

একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

বৈশ্বিক এজেন্ডায় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং জাতিসংঘ সংস্কার সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন গুরুতরভাবে পিছিয়ে রয়েছে। তাই ২০৩০ পরবর্তী উন্নয়ন সহযোগিতা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘও গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। চীন জাতিসংঘের মর্যাদা ও ভূমিকা দৃঢ়ভাবে সমুন্নত রাখবে এবং সংস্থাটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দু’দেশের নেতারা নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন বাংলাদেশ-চীন সম্প্রদায় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এই ঐকমত্য বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় খলিলুর রহমান বলেন, ‘চীন বাংলাদেশের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশ এক-চীন নীতি মেনে চলে এবং বহুপাক্ষিকতাসহ চীনের চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *