মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: শুক্রবার পালিত হচ্ছে ৭৯তম বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার চায়না রেড ক্রস সোসাইটির (আরসিএসসি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা গত এক বছরে ১৬ হাজারের বেশি গুরুতর অসুস্থ শিশুকে সহায়তা করেছে। যার মধ্যে সাত হাজারের বেশি তরুণ লিউকেমিয়া রোগী ও জন্মগত হৃদরোগে আক্রান্ত পাঁচ হাজার শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আরসিএসসি’র সহ-সভাপতি পিয়ান সিয়াও বলেন, সংস্থাটি দেশজুড়ে ১২টি প্রাদেশিক স্তরের অঞ্চলে জন্মগত হৃদরোগ স্ক্রিনিংও পরিচালনা করেছে, যার মাধ্যমে প্রায় দেড় লক্ষ শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
আরসিএসসি’র সকল স্তরের শাখাগুলো স্বেচ্ছায় রক্তদানের জন্য দুই লাখ সদস্য নিয়ে পরিষেবা দল গঠন করেছে। এদিকে, চায়না ম্যারো ডোনার প্রোগ্রাম তার তথ্যভাণ্ডারে প্রায় এক লক্ষ ৭০ হাজার নতুন দাতার নমুনা যুক্ত করেছে।





















