আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী চীন। এ জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।
মঙ্গলবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।
ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আসিয়ানকে অগ্রাধিকার দেয়।
তিনি জানান, চলতি বছর চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পঞ্চম এবং সংলাপ সম্পর্কের ৩৫তম বার্ষিকী। এ কারণে দুই পক্ষের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
ওয়াং ই বলেন, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি চীন আগের মতোই সমর্থন অব্যাহত রাখবে।
বৈঠকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। ওয়াং ই বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সব পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণবিধি সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়ন এবং একটি আচরণবিধি তৈরির আলোচনা এগিয়ে নিতে চায় চীন।
অন্যদিকে, আসিয়ান মহাসচিব কাও কিম হর্ন বলেন, চীনকে সঙ্গে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে চায় আসিয়ান। একই সঙ্গে দুই পক্ষের সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আসিয়ান প্রস্তুত বলে জানান কাও।
সূত্র: সিএমজি



















