চীনের অর্থনীতিতে নতুন গতি আনছে উদ্ভাবন - Mati News
Tuesday, August 4

চীনের অর্থনীতিতে নতুন গতি আনছে উদ্ভাবন

ফয়সল আবদুল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, কোয়ান্টাম গবেষণা থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকায়ন—সব ক্ষেত্রেই চীন এগিয়ে চলেছে নতুন উদ্যমে। সরকারি বিনিয়োগ, গবেষণা ও শিল্পের সমন্বয়ে গড়ে উঠছে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির নতুন ভিত্তি।

এর স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ চীনের শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রীষ্মকাল কার্গো পরিবহনের মন্দার সময় হলেও, এ বছর একের পর এক উড়াল দিচ্ছে এআইভিত্তিক সলিড-স্টেট ড্রাইভ, হাই পাওয়ার চিপ এবং অপটিক্যাল মডিউল বহনকারী কার্গো বিমান।

এসএফ এয়ারলাইন্সের সাউথ চায়না ট্রান্সশিপমেন্ট সেন্টারের উপ মহাব্যবস্থাপক ছিউ সিয়াওমিং জানালেন, ‘চলতি বছরের প্রথমার্ধে এআই-সংশ্লিষ্ট পণ্যের চালান গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে।’

পরিসংখ্যান বলছে, বছরের প্রথম ছয় মাসে চীন প্রতিদিন গড়ে ১৫০ কোটির বেশি ইন্টিগ্রেটেড সার্কিট উৎপাদন করেছে। এর মধ্যে রপ্তানি বৃদ্ধির প্রায় অর্ধেকই এসেছে এআই শিল্প-শৃঙ্খল থেকে।

উদ্ভাবনকে আরও গতিশীল করতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। একই সঙ্গে মৌলিক গবেষণায় বরাদ্দ ১৮০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। পাশাপাশি গবেষণার ফল দ্রুত শিল্পে প্রয়োগের জন্য নানামুখী সংস্কারও নেওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্বের প্রথম নেট-ক্যাপচার পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য লং মার্চ-১০বি রকেটের প্রথম ধাপ সফলভাবে উদ্ধার করেছে চীন। এই সাফল্যের পেছনে কাজ করেছে উন্নত উপকরণ, সামুদ্রিক নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং মহাকাশ শিল্পের বিভিন্ন সরবরাহ শৃঙ্খল।

বাণিজ্যিক মহাকাশ গবেষণা কেন্দ্রের নির্বাহী উপপরিচালক ইয়াং খ্যওয়েই বললেন, ‘চলতি বছর বাণিজ্যিক মহাকাশ শিল্পের ইতিবাচক প্রভাব দ্রুত বিস্তৃত হচ্ছে। এই খাতে বিনিয়োগের বিপরীতে আয়ের হার এখন ১ অনুপাত ১২।’

শুধু নতুন শিল্প নয়, ঐতিহ্যবাহী শিল্পও দ্রুত আধুনিকায়নের পথে এগোচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে রাসায়নিক তন্তু শিল্পে জৈবভিত্তিক উপকরণ এবং পেট্রোলিয়াম প্রক্রিয়াজাত শিল্পে বায়োমাস জ্বালানির উৎপাদন ২০ শতাংশের বেশি বেড়েছে।

একই সময়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল লাইটহাউস নেটওয়ার্ক’-এ স্বীকৃতি পাওয়া ৩৯টি নতুন কারখানার মধ্যে ২৪টিই চীনের। এর বেশিরভাগই বস্ত্র, গৃহস্থালি যন্ত্রপাতি ও কনটেইনার উৎপাদনের মতো ঐতিহ্যবাহী শিল্পের কারখানা।

ভবিষ্যতমুখী শিল্পেও জোরালো অগ্রগতি দেখা যাচ্ছে। কোয়ান্টাম প্রযুক্তি এখন লিথিয়াম ব্যাটারি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহার হচ্ছে, যা পরীক্ষার সময় কয়েক ঘণ্টা থেকে কমিয়ে কয়েক মিনিটে এনেছে। অন্যদিকে, এমবডিড এআই খাতে ২৩০টির বেশি প্রতিষ্ঠান ৪০০টিরও বেশি হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে। এ বছর এসব রোবটের উৎপাদন এক লাখ ইউনিট ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ৪০ শতাংশেরও বেশি এসেছে এই নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি থেকে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *