চীনের নতুন প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট লং মার্চ-১২বি প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উড্ডয়ন করেছে। সোমবার উত্তর-পশ্চিম চীনের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি ছিয়ানফান বা স্পেসসেইল স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য একগুচ্ছ স্যাটেলাইটকে সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেয়।
এটি ছিল লং মার্চ-১২বি রকেটের প্রথম উড্ডয়ন। একই সঙ্গে এটি লং মার্চ রকেট সিরিজের ৬৪৭তম মহাকাশ মিশন।
চীনের এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের (সিএএসসি) অধীন একটি প্রতিষ্ঠান রকেটটি তৈরি করেছে। এটি এমন এক নতুন রকেট, যার বিভিন্ন অংশ ভবিষ্যতে পুনরায় ব্যবহার করা যাবে। যদিও এবারের মিশনে সেই প্রযুক্তির পরীক্ষা হয়নি, তবে পরে রকেটের প্রথম ধাপ পুনরুদ্ধারের পরীক্ষা চালানো হবে।
প্রায় ৭২ মিটার দীর্ঘ এই রকেট নিম্ন পৃথিবী কক্ষপথে প্রায় ২০ টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।
সূত্র: সিএমজি





















