এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে সরাসরি বিমান চলাচল বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা সরকার। এই পদক্ষেপের ফলে বাণিজ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কানাডার পরিবহন মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় কানাডা ও চীনের এয়ারলাইন্স পর্যায়ক্রমে সরাসরি যাত্রী এবং যাত্রী-বাণিজ্যিক ফ্লাইট বাড়াতে পারবে। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০টি কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া উভয় দেশের বিভিন্ন গন্তব্যে পারস্পরিক প্রবেশাধিকারের সুযোগও বাড়ানো হয়েছে।
কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেন, ‘চীনের সঙ্গে যাত্রী ও পণ্যবাহী ফ্লাইট বৃদ্ধি কানাডার বাণিজ্য বৈচিত্র্য বৃদ্ধির পথে এক ইতিবাচক পদক্ষেপ। এ ছাড়া এ পদক্ষেপ দু’দেশের জনগণের সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
সূত্র: সিএমজি





















