চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ বাস্তবায়নে জোর দিলেন লি ছিয়াং - Mati News
Wednesday, October 28

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ বাস্তবায়নে জোর দিলেন লি ছিয়াং

চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্পের উচ্চমানের বাস্তবায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি, খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থনীতিতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে চীন। শনিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োইয়েভের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ আগ্রহের কথা জানান। একইসঙ্গে উজবেকিস্তানে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বৈঠকে লি ছিয়াং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল হয়ে উঠলেও চীন-উজবেকিস্তানের উচিত সংহতি ও সহযোগিতা জোরদার করে একসঙ্গে এগিয়ে যাওয়া। দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমর্থন অব্যাহত রাখা এবং জনগণের কল্যাণে সহযোগিতা সম্প্রসারণেও বেইজিং প্রস্তুত।

তিনি আরও বলেন, বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এর কাঠামো উন্নত করা এবং জ্বালানি, খনিজ সম্পদ, অর্থায়ন, যোগাযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

জবাবে মির্জিয়োইয়েভ বলেন, উজবেকিস্তান-চীন সম্পর্ক বর্তমানে ‘স্বর্ণযুগে’ রয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিনিয়োগের সুযোগ বাড়াতে এবং রেলপথ প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নিতে তার দেশ চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি এক চীন নীতির প্রতি উজবেকিস্তানের সমর্থনও পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়েও গুরুত্ব দেন এ দুই নেতা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *