ভৌগোলিক উত্তেজনার কারণে বৈশ্বিক জলপথে অস্থিরতা চলা সত্ত্বেও গ্রিসের পিরেউস বন্দরে একটি নতুন বিনিয়োগ অফিস চালু করেছে চীনের শাংহাই শহর। বৃহস্পতিবার উন্মোচিত ‘পুডং সার্ভিস সেন্টার ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট লিয়াজোঁ অফিস ইন গ্রিস’ নামের এই কেন্দ্রটি গ্রিস, শাংহাই এবং তৎসংলগ্ন অঞ্চলের ব্যবসাকে যুক্ত করতে অনুঘটক হিসেবে কাজ করবে।
গ্রিক প্রতিষ্ঠানগুলোকে চীনা বাজারে প্রবেশে এবং চীনা সংস্থাসমূহকে গ্রিসে বিনিয়োগে দিকনির্দেশনা, আইনি পরামর্শ ও নেটওয়ার্কিং সহায়তা দেবে এই দপ্তর। গ্রিসের উপ-নৌপরিবহন মন্ত্রী স্টেফানোস গিকাস মনে করেন, চলমান আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে।
লোহিত সাগর এবং হরমুজ প্রণালি সাম্প্রতিক হামলা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। জাহাজ জট ও পরিবহন খরচ বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতির শঙ্কা থাকলেও এই অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সমুদ্রের এ অনিশ্চয়তাকে উপেক্ষা করেই ব্যবসা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করল গ্রিস ও চীন।
সূত্র: সিএমজি বাংলা




















