জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ - Mati News
Wednesday, June 10

জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

জাপানের কুমামোটো এবং শিজুওকা প্রিফেকচারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান।

বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে জানা গেছে, জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের দুটি ঘাঁটিতে প্রথমবারের মতো ‘কাউন্টার-স্ট্রাইক’ বা পাল্টা হামলার ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

এই পদক্ষেপের সমালোচনা করে মাও নিং বলেন, জাপান প্রতিরক্ষা এবং পাল্টা হামলার অজুহাতে এমন সব আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে, যা তাদের নিজস্ব ‘আত্মরক্ষা’র সীমা এবং কেবল প্রতিরক্ষা-ভিত্তিক নীতির গণ্ডি ছাড়িয়ে গেছে।

তিনি আরও সতর্ক করেন, জাপানের এই নব্য সামরিকবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত।

মাও নিং অভিযোগ করেন, জাপানের এই কর্মকাণ্ড কায়রো ঘোষণা, পটসডাম ঘোষণা এবং জাপানি আত্মসমর্পণের দলিলের মতো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একইসঙ্গে এটি জাপানের নিজস্ব সংবিধান এবং অভ্যন্তরীণ রীতিনীতিকেও লঙ্ঘন করে।

মুখপাত্রের মতে, এটি প্রমাণ করে জাপানের ডানপন্থী গোষ্ঠীগুলো দেশটির নিরাপত্তা নীতিকে আক্রমণাত্মক এবং সম্প্রসারণবাদের দিকে চালিত করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *