চীনের সামুদ্রিক অর্থনীতির বিকাশ, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
‘মেরিটাইম পাওয়ারহাউস ইন দ্য মেকিং: চায়না’স ব্লু ইকোনমি—ট্রান্সফরমেশন, হার্ডলস অ্যান্ড দ্য রোড অ্যাহেড’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স (আইসিওজি)। এতে অর্থায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)।
সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের সেমিনার কক্ষ ৭০১২-এ অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাংহাই ওশান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং চায়না ফিশারিজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ সেন্টারের উপ-পরিচালক ইয়াং ওয়েই ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের পরিচালক ড. কে এম আজম চৌধুরী।
সেমিনারে চীনের সামুদ্রিক অর্থনীতির রূপান্তর, ব্লু ইকোনমির সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। মূল প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
সেমিনারে সিসিএসের পক্ষ থেকে অংশ নেবেন শাংহাই ওশান ইউনিভার্সিটির কলেজ অব ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগী ডিন ও অধ্যাপক হংথাও, একই কলেজের ফলিত অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান লিয়াও চেফাং এবং সহযোগী অধ্যাপক ও ফলিত অর্থনীতি বিভাগের উপ-প্রধান ইয়াং ওয়েই।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক ড. মো. রাকিবুল হক এবং সিসিএসের প্রোগ্রাম অফিসার নাবিলা তাবাসসুম সেমিনারে অংশ নেবেন।
আয়োজকদের সূচি অনুযায়ী, স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর সঞ্চালকের প্রারম্ভিক বক্তব্য, মূল প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হবে। পরে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
সেমিনারটি চীনের সামুদ্রিক অর্থনীতি ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশে একাডেমিক পর্যায়ে আলোচনা ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি














