সেপ্টেম্বর ২৯: ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই দিন আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমও নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট মোহাম্মদ আবুধাবিতে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদের আমন্ত্রণে নেতানিয়াহু ও তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর আমিরাত সফর করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, মোসাদের প্রধান, নেতানিয়াহুর সামরিক সচিব এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন কর্মকর্তা তার সফরসঙ্গী ছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর একটি প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে।
এর আগে এপি জানিয়েছিল, ইসরায়েল ও আমিরাতের নেতারা দীর্ঘ সময় বৈঠক করেন। এপির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মূলত ইসরায়েলি সংবাদপত্র ‘হাআরেতজ’-এ দুই সপ্তাহ আগে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর আগে আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুকে আগাম জানানো হয়েছিল।
এপি আরও জানিয়েছিল, বৈঠকে নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদের কাছে ওই প্রতিবেদন অস্বীকার করার অনুরোধ করেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এপির এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে।
এদিকে, আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম এক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানায়, নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর আবুধাবি সফর করেন। এ সময় দুই দেশের নেতারা ‘দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ জোরদার’ নিয়ে আলোচনা করেন।
সূত্র: সিএমজি



















