ফ্রান্স-জার্মানিকে মুক্ত বাণিজ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান চীনের - Mati News
Wednesday, October 7

ফ্রান্স-জার্মানিকে মুক্ত বাণিজ্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান চীনের

ফ্রান্স ও জার্মানিকে উন্মুক্ত সহযোগিতা ও মুক্ত বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর নিয়ম মেনে চলা এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বারবার সুরক্ষাবাদী বাণিজ্যনীতি গ্রহণে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।

ফ্রান্স ও জার্মানি ইইউকে বাণিজ্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি ব্যবহার এবং নতুন কিছু সুরক্ষাবাদী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, চীন সবসময় মনে করে পারস্পরিক নির্ভরশীলতা কোনো ঝুঁকি নয় এবং আন্তঃসম্পর্কিত স্বার্থও হুমকি তৈরি করে না। বরং উন্মুক্ত সহযোগিতাই উন্নয়নের সঠিক পথ।

চীনা মুখপাত্র আরও বলেন, সুরক্ষাবাদ প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে পারে না। আর অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ ব্যবস্থা ছিন্ন করার উদ্যোগ শেষপর্যন্ত অন্যের ক্ষতি করার পাশাপাশি নিজেদেরও ক্ষতিগ্রস্ত করবে।

তিনি বলেন, বড় অর্থনীতি হিসেবে ফ্রান্স-জার্মানির উচিত বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়কে রাজনীতিকরণ না করা এবং জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরিক্তভাবে প্রয়োগ না করা। ভুল পথে ভুল পদ্ধতিতে এগিয়ে গেলে শেষ পর্যন্ত এর নেতিবাচক প্রভাব তাদের ওপরই পড়বে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *