বিজ্ঞানের মৌলিক গবেষণায় সাফল্য পেতে নতুন একটি কর্মসূচি চালু করেছে চীনা একাডেমি অব সায়েন্সেস (সিএএস)। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সিএএসের সহ-সভাপতি চৌ ছি সংবাদ সম্মেলনে জানান, এই কর্মসূচিটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। প্রধান বৈজ্ঞানিক অবকাঠামোগুলোর সম্মিলিত ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বৈজ্ঞানিক গবেষণাকে কাজে লাগিয়ে শীর্ষ গবেষকদের নিয়ে একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপরেখায় এই গবেষণা অভিযান পরিচালিত হবে।
গণমাধ্যমের সামনে এই কর্মসূচির অধীনে প্রথম ধাপে ১০টি প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে—নতুন উপাদান, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির প্রকৃতি আবিষ্কার, রাসায়নিক বন্ধনের ক্ষুদ্রতম পরিমাপ এবং কৃত্রিম কোষ তৈরি।
পাশাপাশি পরবর্তী ধাপের জন্য অগ্রাধিকার খাতের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মূলত ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, আর্থ সিস্টেম সায়েন্স এবং মহাকাশ বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বর্তমান পরিসংখ্যানে দেখা গেছে, চীনজুড়ে এ ধরনের ৭৭টি প্রধান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অবকাঠামো রয়েছে। এর মধ্যে একাই ৪৩টি বা জাতীয় মোট অবকাঠামোর ৫৬ শতাংশ পরিচালনা করছে সিএএস।
সূত্র: সিএমজি
















