বেইজিংয়ে চালু হল বিশ্ব ডেটা সংস্থার স্বাস্থ্যসেবা কমিটি - Mati News
Sunday, November 22

বেইজিংয়ে চালু হল বিশ্ব ডেটা সংস্থার স্বাস্থ্যসেবা কমিটি

স্বাস্থ্যসেবা খাতে তথ্যের ব্যবহার, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চীনের বেইজিংয়ে চালু হয়েছে বিশ্ব ডেটা সংস্থার (ডব্লিউডিও) স্বাস্থ্যসেবা কমিটি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই কমিটি স্বাস্থ্যসেবা খাতে তথ্য উপাত্ত নিয়ে কাজ করা বিশ্বের প্রথম বিশেষায়িত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

বেইজিং ডেটা গ্রুপ ও পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারসহ দেশি-বিদেশি প্রায় ১০০টি প্রতিষ্ঠানের সহযোগিতায় গঠন করা হয়েছে কমিটিটি। এর মূল লক্ষ্য ওষুধ নিয়ে গবেষণা, নতুন ওষুধ তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তা করা।

আয়োজকরা জানান, বর্তমানে স্বাস্থ্যসেবা খাতে তথ্য সংগ্রহ ও ব্যবহারে বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে তথ্যের নির্দিষ্ট মানদণ্ড নেই। আবার উন্নতমানের তথ্যেরও অভাব রয়েছে। এ কারণে চিকিৎসা, নতুন ওষুধ আবিষ্কার এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে।

এসব সমস্যা সমাধানে কাজ করবে নতুন এই কমিটি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় তথ্যের নিরাপদ আদান-প্রদান এবং তথ্য ব্যবহারের জন্য আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

কমিটির ওয়ার্কিং গ্রুপের প্রধান ফান সিয়াওহুই জানান, চারটি প্রধান ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবার তথ্য নিরাপদ রাখা, তথ্য আদান-প্রদানের নিয়ম তৈরি, এআই ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয় এবং উন্নতমানের তথ্যভান্ডার তৈরি। এসব তথ্য ব্যবহার করে নতুন গবেষণা ও প্রকল্পও হাতে নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ব ডেটা সংস্থা (ডব্লিউডিও) তথ্যের সঠিক ব্যবহার, ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। ২০২৬ সালের ৩০ মার্চ বেইজিংয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।

সিএমজি

World Data Organization launches in Beijing to boost data governance - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *