সবুজ উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়াতে চায় চীন-অস্ট্রেলিয়া - Mati News
Sunday, November 22

সবুজ উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়াতে চায় চীন-অস্ট্রেলিয়া

সবুজ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন ও অস্ট্রেলিয়া। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে ১১তম চীন-অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরকে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে চায় চীন। একইসঙ্গে মতপার্থক্য যথাযথভাবে সামাল দিয়ে দুই দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য কাঠামো আরও উন্নত করতে আগ্রহী তার দেশ। সবুজ ও কম কার্বনভিত্তিক উন্নয়ন, পরিবেশবান্ধব জ্বালানিচালিত যানবাহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন খাতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান তিনি।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণ এবং আগামী বছর চীন-অস্ট্রেলিয়া পর্যটন বর্ষ সফল করতে দুই দেশের মধ্যে সংস্কৃতি, তরুণ সমাজ, গণমাধ্যম, স্থানীয় পর্যায় ও গবেষণা প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান লি ছিয়াং।

তিনি আরও বলেন, জাতিসংঘ, এপেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে চায় চীন। দুই দেশ মিলে বহুপক্ষীয় ব্যবস্থা ও অবাধ বাণিজ্য বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চীনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক সফলভাবে আয়োজন করায় অভিনন্দন জানান। তিনি বলেন, দুই দেশের উচিত দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেওয়া এবং মতপার্থক্যের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া।

আলবানিজ আরও বলেন, অর্থনীতি, বাণিজ্য, কৃষি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যানবাহন ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা এগিয়ে নিতে চায় তার দেশ।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *