যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার - Mati News
Wednesday, August 26

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

যুক্তরাষ্ট্রের ৭০০টিরও বেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। পণ্যগুলোর বাণিজ্য-মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার। গতকাল (মঙ্গলবার) কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় ৫০৪ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচিও চালু করবে দেশটি।

কানাডার পাল্টা শুল্ক ব্যবস্থা কার্যকর হবে ৮ সেপ্টেম্বর থেকে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, পাল্টা শুল্ক এবং কয়েক বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির মাধ্যমে দেশের শ্রমিক, কৃষক, পরিবার ও শিল্পপ্রতিষ্ঠানকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

কানাডার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত পাল্টা শুল্কের পণ্য তালিকায় প্রধানত ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, কৃষি সরঞ্জাম, গৃহস্থালি সরঞ্জাম, পাল্প ও ইলেকট্রনিক পণ্য রয়েছে। এসব পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারে তিন স্তরে শুল্ক আরোপ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য আলোচনায় কোনো চুক্তি হয়নি। গত ২০ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে কানাডা থেকে আমদানি করা ওয়াইন, হকি ব্যাট, সিমেন্টসহ কয়েক শতাধিক ধরনের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। এ শুল্ক কার্যকর হয় ২২ আগস্ট থেকে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *