সুপার কম্পিউটিংয়ে চীনের বাজিমাত - Mati News
Sunday, November 22

সুপার কম্পিউটিংয়ে চীনের বাজিমাত

চীনের প্রথম এক লাখ কার্ডের বা চিপের কৃত্রিম বুদ্ধিমত্তা সুপারক্লাস্টার ‘সুকন ৮০০০ (তেংফেং)’ ব্যবহার করে পরিচালিত দুটি যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণায় মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। এর মধ্যে একটি গবেষণা মর্যাদাপূর্ণ ‘এসিএম গর্ডন বেল পুরস্কার ২০২৬’ জিতেছে এবং অপরটি জলবায়ু মডেলিং বিভাগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। বেইজিং সময় শুক্রবার অনুষ্ঠিত ‘এসসি২৬’ সম্মেলনে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) এই ঘোষণা দেয়।

এসিএমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ সদস্যের একটি গবেষক দল এক্সাস্কেল সুপারকম্পিউটারের মাধ্যমে জৈব রসায়নের জটিল ‘ফেমো-কোফ্যাক্টর’ (ফেমোকো) সমস্যার সমাধানে অভাবনীয় সাফল্য দেখিয়ে মূল পুরস্কারটি জিতে নেয়। জৈব রসায়নে নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরের প্রক্রিয়াকে ‘ফেমো’ বলা হয়, যা উদ্ভিদ ও অন্যান্য জীবের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, চীনের আরেকটি গবেষক দলের তৈরি জলবায়ু মডেল ‘সুপার ডায়নামিক্স অন দ্য কিউব’ (এসডি৩) জলবায়ু মডেলিংয়ের গর্ডন বেল পুরস্কারের ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। গবেষকদের মতে, এটিই বিশ্বের প্রথম কার্যকরী গ্লোবাল কিলোমিটার স্কেল মডেল। ২৪ হাজার ৫৭৬টি জিপিইউ ব্যবহার করে এটি ১৫ কিলোমিটার রেজোলিউশনে দিনে প্রায় ২০৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণে সক্ষম। মডেলটি আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা বাড়াতে এবং পৃথিবী বিষয়ক গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

মধ্য চীনের হেনান প্রদেশের চেংচৌ শহরে গত জুলাই মাসে ‘সুকন ৮০০০ ( তেংফেং)’ সুপারক্লাস্টারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ইতোমধ্যে বিজ্ঞান ও শিল্পখাতের ৩০টিরও বেশি ক্ষেত্রের ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এই সুপারক্লাস্টারে সফলভাবে যুক্ত করা হয়েছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *