পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উচ্চমানের উন্নয়ন সম্মেলনে প্রকাশ করা হয়েছে ছাইসিন রোবোটিক্স ইন্ডাস্ট্রি ইনডেক্স-আরআইআই।
রোবোটিক্স খাতের জন্য তৈরি এই গুরুত্বপূর্ণ সূচক অনুযায়ী, চলতি বছরের মে মাসে সূচকটি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ১, যা দুই বছর আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, এ ঊর্ধ্বগতি শিল্পখাতে প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
ছাইসিনের তথ্য অনুযায়ী, শহরভিত্তিক রোবোটিক্স শিল্প সূচকে শীর্ষে রয়েছে বেইজিং। এ সূচকের মাধ্যমে একটি শহরের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোয় রোবোটিক্স-সম্পর্কিত শিল্পের অংশগ্রহণ ও প্রভাব পরিমাপ করা হয়।
তালিকায় বেইজিংয়ের পর জায়গা করে নিয়েছে নানচিং, শিয়েন, হাংচৌ ও সুচৌ, যা চীনে রোবোটিক্স শিল্পের দ্রুত বিস্তারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ চীনে ৭ লাখ ৭০ হাজারের বেশি শিল্প রোবট এবং ১ কোটি ৮০ লাখের বেশি সেবামূলক রোবট উৎপাদিত হয়েছে। আগামী বছরগুলোতে এই উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সিএমজি





















