এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালি অবরোধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনই বর্তমান সংকট সমাধানের মৌলিক পথ।
সোমবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিশেষ দূত খালদুন খালিফা আল মুবারকের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওই প্রতিনিধি দল আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সফরসঙ্গী হিসেবে চীন সফর করছেন।
ওয়াং ই বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনার ফলে চীন–সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ধারাবাহিকভাবে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। যুবরাজের এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি দুই দেশের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াবে ও বাস্তব সহযোগিতা আরও গভীর করবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে চীনের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধে চীন সবসময়ই কাজ করে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বৈঠকে আল মুবারক বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে চীনের প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বের সঙ্গে দেখে এবং এ ক্ষেত্রে চীন আরও বড় ভূমিকা রাখবে বলে আশা করে।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি






















