সেপ্টেম্বর ২৯: ২০২৬ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন ‘উচেন শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে আগামী ২ থেকে ৫ নভেম্বর। চীনের চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত হবে এটি। মঙ্গলবার বিশ্ব ইন্টারনেট সম্মেলনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ তথ্য।
এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য—‘ওপেন সোর্স, উন্মুক্ততা, সহযোগিতামূলক উন্নয়ন ও ভাগাভাগি—সাইবারস্পেসে অভিন্ন কল্যাণের সমাজ গঠন’। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের প্রতিনিধিরা অংশ নেবেন।
অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তায় ওপেন সোর্স উন্নয়নের ধারণা ও বাস্তব প্রয়োগ নিয়ে গভীর আলোচনা করবেন। এতে উদ্ভাবন, নিরাপত্তা পরিচালনা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
প্রযুক্তিগত উন্মুক্ততা, উদ্ভাবনী সহযোগিতা এবং উন্নয়নের সুফল ভাগাভাগিকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় করবেন তারা।
এবারের উচেন শীর্ষ সম্মেলনে ২৭টি উপ-ফোরাম অনুষ্ঠিত হবে। এসব ফোরামে সাইবার স্পেস সহযোগিতার জন্য বৈশ্বিক শাসন উদ্যোগ, ডিজিটাল যুগের তত্ত্ব ও নীতিমালা, রোবোটিক্স এবং মূর্ত বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
মূল ফোরামগুলোর মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক উচেন সংলাপ। এতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, খ্যাতনামা ওপেন সোর্স মডেল নির্মাতা প্রতিষ্ঠান এবং এআই বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো হবে। তারা একটি বৈশ্বিক ওপেন সোর্স এআই পরিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সূত্র: সিএমজি

















