শীতজুড়ে উষ্ণতা নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে চীনের - Mati News
Saturday, November 7

শীতজুড়ে উষ্ণতা নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে চীনের

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন শীত মৌসুমে মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে চীন। প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।

শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের অর্থনৈতিক কার্যক্রম সমন্বয় ব্যুরোর উপপরিচালক থাং থিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে চীনে প্রতিদিন সর্বোচ্চ যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব, তা গত শীত মৌসুমে রেকর্ড করা সর্বোচ্চ দৈনিক ব্যবহারের চেয়ে প্রায় ৭ কোটি ঘনমিটার বেশি। ফলে শীতকালে গ্যাসের বাড়তি চাহিদা পূরণে দেশটির প্রস্তুতি রয়েছে।

থাং থিয়ান জানান, শীত মৌসুমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে চরম আবহাওয়া ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক জ্বালানি চাহিদা পূরণ এবং হাসপাতালসহ জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *