আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে - Mati News
Monday, September 7

আকর্ষনীয় গল্প ও উন্নত প্রযোজনায় চীনা এআই শর্ট ড্রামার নজর এখন বৈশ্বিক বাজারে

স্বল্প খরচে দ্রুত নির্মাণ এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর ভর করে চীনে এখন তুঙ্গে ‘এআই-জেনারেটেড শর্ট ড্রামা’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত খুদে নাটকের বাজার। তবে দেশের ভেতরের তীব্র প্রতিযোগিতা এড়িয়ে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন নজর দিচ্ছে আন্তর্জাতিক বাজারে। মনস্তাত্ত্বিক গল্প, স্থানীয় দর্শকের উপযোগী চরিত্র নির্মাণ এবং উন্নত প্রযোজনাকে হাতিয়ার করে বিদেশি দর্শকদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে এসব চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক বাজারে স্থায়ী অবস্থান তৈরিতে প্রয়োজন নিখুঁত চরিত্র রূপায়ণ ও সাংস্কৃতিক মেলবন্ধন। এ বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠান শাংহাই চেনল টেকনোলজির প্রতিষ্ঠাতা সিয়ে মিংহং বলেন, ‘বিজ্ঞান কল্পকাহিনি গল্পগুলোতে বিশ্বজনীন একটা আবেদন থাকে। সে কারণে আমরা এমন একজন নারী প্রধান চরিত্র বেছে নিয়েছি যার রূপ বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য। বর্তমানে আমরা ডিজিটাল হিউম্যান সমন্বিত এআই শর্ট ড্রামা, ইন্টারেক্টিভ সিনেম্যাটিক গেম এবং আইপি-কাস্টমাইজড নাটক নিয়ে কাজ করছি। চলতি প্রান্তিকে আমাদের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ ইউয়ান।’

চীনা খুদে নাটকের ওপর বিশ্বজুড়ে দর্শকদের এই ক্রমবর্ধমান আগ্রহ বাণিজ্যিকভাবেও দারুণ সাড়া ফেলছে। ক্রিয়েটিভ ফিটিং-এর সহ-প্রতিষ্ঠাতা উ কুওমিং বলেন, ‘বাণিজ্যিক আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বাজারগুলো মোট শেয়ারের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। বাকি ৩০ থেকে ৪০ শতাংশ আসছে দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে।’

খরচের তুলনামূলক চিত্রে তিনি আরও জানান, ‘একটি ঐতিহ্যিক লাইভ-অ্যাকশন শর্ট ড্রামা তৈরিতে যেখানে লাখ লাখ ডলার খরচ হয়, সেখানে এআই শর্ট ড্রামার ক্ষেত্রে নির্মাণ খরচ প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে আসে।’

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর চীনের অভ্যন্তরীণ এই খুদে নাটকের বাজার আগের বছরের তুলনায় ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের আকারও ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে।

তবে কেবল সস্তা মূল্যের ভরসায় আন্তর্জাতিক বাজারে টিকে থাকা সম্ভব নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এটি শুধু প্রযুক্তি বা প্রযোজনা ক্ষমতা বিষয় নয়; এর সঙ্গে নিজস্ব নন্দনতত্ত্ব, গল্পের বৈচিত্র্য এবং পরিচালন দক্ষতার মেলবন্ধন ঘটানো অত্যন্ত জরুরি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *