উড়োজাহাজেই চীনের হাসপাতাল - Mati News
Saturday, September 26

উড়োজাহাজেই চীনের হাসপাতাল

কিরগিজস্তানে চিকিৎসাসেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। দেশটির রাজধানী বিশকেকে চীনের তৈরি সি-৯০৯ মডেলের উড়োজাহাজকে ‘মোবাইল হাসপাতাল’ হিসেবে ব্যবহার করে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশকেকে ‘সি৯০৯ এয়ার প্ল্যান হসপিটাল’ নামের এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কিরগিজস্তানের উপ-স্বাস্থ্যমন্ত্রী নুরবেক বুকুয়েভ বলেন, এই প্রকল্প স্থানীয় জনগণকে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত প্রশিক্ষণ, চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময় এবং দু’দেশের চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারে নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

কিরগিজস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন তাফেং বলেন, স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা চীন-কিরগিজস্তান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে চীন-কিরগিজস্তান সহযোগিতা আরও জোরদার হলে তা দুই দেশের জনগণের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে এবং দ্বিপক্ষীয় উচ্চমানের সহযোগিতাকে এগিয়ে নেবে।

প্রকল্পের অংশ হিসেবে একই দিনে বিশকেকের মানাস আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা সি৯০৯ উড়োজাহাজে দুই বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিসে ভুগতে থাকা এক কিরগিজ নারী অস্ত্রোপচার করান। তিনি বলেন, সবকিছু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং এত দ্রুত চিকিৎসা হবে বলে তিনি আশা করেননি। চিকিৎসকদের প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

শাংহাইয়ের ফু্তান বিশ্ববিদ্যালয়ের আই অ্যান্ড ইএনটি হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান চিকিৎসক সুন সিছাই জানান, প্রকল্পের আওতায় দাতব্য চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে চলছে।

সুন শিচাই বলেন, এই ‘মোবাইল হাসপাতাল’ প্রচলিত চিকিৎসাকেন্দ্র নির্মাণের তুলনায় ব্যয় কমায়, চিকিৎসাসেবার গতিশীলতা বাড়ায় এবং প্রয়োজন রয়েছে এমন আরও বেশি রোগীকে মানসম্মত চিকিৎসাসেবা দেয়ার সুযোগ তৈরি করে।

মাসব্যাপী এই উদ্যোগে চক্ষু ও নাক-কান-গলা রোগের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা, চিকিৎসাবিষয়ক একাডেমিক বিনিময় এবং টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে।

আয়োজকরা বলছেন, এই কার্যক্রমের মাধ্যমে কিরগিজস্তানের ২ হাজারের বেশি স্থানীয় রোগী উপকৃত হবেন। এর মধ্যে ১৭০টিরও বেশি অস্ত্রোপচার বিনামূল্যে করার পরিকল্পনা আছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *