রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস “কৃ” পর্ব-৫
রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস "কৃ" পর্ব-৫ । ধ্রুব নীল
ছয় মাস কেটে গেল। এর মাঝে কিছুই ঘটল না। শুধু আমার মনটাই খারাপ ছিল। মন খারাপের কোনো গল্প হয় না। এর মাঝে দুয়েকবার কিংবা তারও বেশি, আমি বারে গিয়েছিলাম। রেশমা বুঝতে পেরেও কিছু বলেনি। আমার মনে হয় প্রত্যেক মানুষের অবচেতন মনের ক্ষমতা প্রায় এক। রেশমার অবচেতন মন ধরে ফেলেছে আমার মন খারাপ, এবং তা অন্য কোনো নারীর কারণেই। প্রথম দিকে মদ খেতে মোটেও ভালো লাগতো না। এখন রীতিমতো অ্যালকোহলিক হয়ে গেছি। এবার মূল ঘটনায় আসা যাক।
গত তিন দিন ধরে আমি হাসপাতালে। সিরিয়াস টাইপ টাইফয়েড। হাসপাতালে গিয়ে স্যালাইনের ব্যাগে করে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। প্রতিরাতেই ভয়াবহ সব স্বপ্ন দেখছি। এর মাঝে একবার সেই ডাকাত দলটাকেও দেখলাম। রাম দা হাতে তিন মুণ্ডুহীন ডাকাত আমাকে তাড়া করছে। আমার পাশে রেশমা। সে আবার দৌড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েও গেল।
হাসপাতালে রেশমা আমার সঙ্গে ছিল প্রথ...








