উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি - Mati News
Wednesday, March 4

উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ কক্ষপথের স্যাটেলাইট ও ভূমির মধ্যে লেজার যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। ৪০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে দ্বিমুখী ডেটা আদান–প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানায় চায়না সায়েন্স ডেইলি।

স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগ গবেষণা এখন দুটি মূল দিক নিয়ে এগোচ্ছে—একটি হলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিপুল ডেটা চাহিদা পূরণে ডাউনলিংক গতি বাড়ানো, অন্যটি হলো উচ্চ কক্ষপথে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, দ্বিমুখী ও রিয়েল-টাইম যোগাযোগ সক্ষমতা উন্নত করা।

চীনা বিজ্ঞান একাডেমির ইন্সস্টিটিউট অব অপটিকস অ্যান্ড ইলেকট্রনিক্স ও বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির যৌথ উদ্যোগে ইয়ুননান প্রদেশের একটি মানমন্দির ও একটি ভূস্থির কক্ষপথ স্যাটেলাইটের মধ্যে স্থিতিশীল লেজার সংযোগ স্থাপন করে।

পরীক্ষায় সর্বোচ্চ ৪০ হাজার ৭৪০ কিলোমিটার দূরত্বে আপলিংক ও ডাউনলিংক উভয় দিকেই ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে যোগাযোগ সম্পন্ন হয়। সংযোগ স্থাপন হয় মাত্র ৪ সেকেন্ডে এবং টানা ৩ ঘণ্টার বেশি সময় নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখার রেকর্ডও স্থাপিত হয়েছে।

গবেষকরা জানান, এই পরীক্ষার মাধ্যমে গভীর মহাকাশ যোগাযোগে স্থলভিত্তিক স্টেশনের সক্ষমতাও যাচাই হয়েছে। ভবিষ্যতে চাঁদ, মঙ্গল কিংবা দূরবর্তী মহাকাশ অনুসন্ধানযানের সঙ্গে উচ্চগতির লেজার সংযোগ স্থাপনের পথও এতে উন্মুক্ত হয়েছে।

ফয়সল/জেনিফার

https://img2.chinadaily.com.cn/images/202401/12/65a11fb9a3105f211c855503.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *