পশ্চিম তীরে ফিলিস্তিনি-আমেরিকানের বাড়ি থেকে মালামাল ছুড়ে ফেললেন ইসরাইলি সেনারা - Mati News
Saturday, August 22

পশ্চিম তীরে ফিলিস্তিনি-আমেরিকানের বাড়ি থেকে মালামাল ছুড়ে ফেললেন ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে একটি ফিলিস্তিনি বাড়ি থেকে জোরপূর্বক মালামাল নিচে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। রয়টার্সের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ইসরাইলি সেনা একটি বাড়ির বারান্দা থেকে বিভিন্ন সামগ্রী নিচে ফেলে দিচ্ছেন। এমনকি বাড়ির বাইরে থাকা একটি কূপের ভেতরেও কিছু জিনিসপত্র ছুড়ে ফেলতে দেখা গেছে তাদের।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কুসরা এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের চাপের মুখে ফিলিস্তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ও চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনি-আমেরিকান লুই রিদি জানিয়েছেন, ভিডিওতে দৃশ্যমান বাড়িগুলোর একটি তার ভাই রায়েদ রিদির। লুই রিদি যুক্তরাষ্ট্র থেকে কুসরায় ফিরে এসেছেন, কারণ তার পরিবারের বাড়িটি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

বসতি স্থাপনকারীদের হাত থেকে বাড়িটি রক্ষার আশায় লুই রিদি এর আগে নিজের বাড়ির ছাদে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়েছিলেন। তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টো পরদিন একজন বসতি স্থাপনকারী তার জমিতে প্রবেশ করলে রিদির সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়, যা ভিডিওতে ধারণ করা হয়েছে। কুসরায় ফিলিস্তিনি বাড়িঘর ঘিরে বসতি স্থাপনকারীদের এই অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হলেও এলাকায় অস্থিরতা কমছে না।

এদিকে, ভিডিওতে উঠে আসা এই ঘটনার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও চাপের অভিযোগের কারণে কুসরার এই পরিস্থিতি বর্তমানে আন্তর্জাতিক মহলের নতুন করে নজরে এসেছে। মূলত, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগগুলো এই ঘটনার মধ্য দিয়ে আবারও নতুন করে সামনে চলে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *