ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের - Mati News
Wednesday, March 25

ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

২৫ মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং সম্ভাব্য শান্তি আলোচনার অংশ হিসেবে দেশটিকে ১৫ দফার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

প্রস্তাবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত উঠে এসেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দিতে হবে।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করার পাশাপাশি জাহাজ চলাচলের জন্য বাণিজ্য পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নিশ্চয়তাও দিতে হবে ইরানকে।

বিনিময়ে ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, দক্ষিণের বুশেহরের বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প উন্নয়নে সহায়তা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছে ওয়াশিংটন। প্রস্তাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক মাসের যুদ্ধবিরতির কথাও বিবেচনা করা হচ্ছে তেহরানকে।

এদিকে, পাল্টা শর্ত ছুড়ে দিয়েছে ইরানও। দেশটির সর্বোচ্চ নেতার নতুন সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা দিতে হবে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান এ শীর্ষ কর্মকর্তা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *