রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন বলে উল্লেখ করেন সিইসি। তিনি জানান, এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সংসদ সদস্যদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে এবং তিনি সুষ্ঠুভাবে নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে সিইসি জানান, সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে এবং ভোট দেওয়ার আগে ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম যথাযথভাবে দেখে নেওয়ার জন্য তিনি সংসদ সদস্যদের অনুরোধ জানান। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং ফলাফল সংসদেই জানিয়ে দেওয়া হবে।




















