সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম - Mati News
Sunday, October 11

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করতে আগামী এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে শুনানিকালে উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গ টেনে বার সভাপতি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *