ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?
আধুনিক জীবনযাপন, মানসিক চাপ, কর্মব্যস্ততা— এ সব নানাবিধ সমস্যা অনেকের নিশ্চিন্তের ঘুম কেড়েছে। হয় সারা রাত জেগে কাটাতে হয়, নয়তো, মাঝে মাঝেই ভেঙে যায় ঘুম। ফলে অনিদ্রার ক্লান্তি ঘিরে ধরে সহজেই। উপায়ন্তর না পেয়ে অনেকেই বাধ্য হন ঘুমের ওষুধ খেতে।
কখনও চিকিৎসকের পরামর্শ নিয়ে তো কখনও নিজে থেকেই ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতা আজকাল কমবেশি অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই ঘুমের ওষুধ আসলে প্রবল ক্ষতি করে জীবনের৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, ঘুমের ওষুধের বাড়াবাড়ি ডেকে আনতে পারে কঠিন অসুখ, এমনকি এর প্রভাবে হতে পারে মৃত্যুও।
‘‘আমার ঘুম হয় না’’— এই ভয় বা বিশ্বাস থেকেই বেশির ভাগ মানুষ ঘুমের ওষুধ খান। প্রথমেই এই বিশ্বাসকে সরিয়ে ফেলা জরুরি। কখনও কোনও অসুখে সাময়িক ভাবে চিকিৎসকরাও এই ওষুধ খেতে দেন ঠিকই, কিন্তু কখনও তা অভ্যাসে পরিণত করে ফেলা উচিত নয়।’’— জানালেন সুবর্ণবাবু।
...












