অ্যাপেক অর্থনীতিতে এআই উদ্ভাবন জোরদারে কুয়াংচৌর বৈশ্বিক এসএমই মেলা - Mati News
Tuesday, November 17

অ্যাপেক অর্থনীতিতে এআই উদ্ভাবন জোরদারে কুয়াংচৌর বৈশ্বিক এসএমই মেলা

দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ শহরে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো ২১তম চীন আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা বা সিআইএসএমইএফ। সদ্য সমাপ্ত ৩২তম অ্যাপেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর সাথে সঙ্গতি রেখে আয়োজন করা হয়েছিল এই মেলা। যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেক জোটভুক্ত দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার এক বিশাল ক্ষেত্র তৈরি হয়।

চার দিনের এই প্রদর্শনীতে ৪৩টি দেশ ও অঞ্চলের ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার ৩ হাজার ৭ শ’র বেশি স্টলে এআই, নবায়নযোগ্য শক্তি, বায়োমেডিসিন এবং আধুনিক উপকরণের মতো অগ্রসরমান খাতের প্রযুক্তি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক প্যাভিলিয়নে অংশগ্রহণকারী ৫১০টি প্রতিষ্ঠানের মধ্যে এবারই প্রথম অ্যাপেক সদস্য দেশগুলোর জন্য একটি বিশেষ প্রদর্শন অঞ্চল রাখা হয়। যার মূল লক্ষ্য ছিল ডিজিটাল ও বুদ্ধিবৃত্তিক রূপান্তরে সহযোগী খুঁজে নেওয়া।

মেলায় আসা আন্তর্জাতিক প্রতিনিধিরা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি বিনিময়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। কানাডীয় ভিগুরস টেকনোলজিসের সভাপতি ব্রায়ান জ্যামিসন জানান, তারা আসবাব ও স্বাস্থ্যসেবায় এআই ও সেন্সর প্রযুক্তি যুক্ত করে মানুষের দেহের গঠন ও ভঙ্গি উন্নত করার প্রযুক্তি উদ্ভাবন করছেন।

রাশিয়ান প্রতিষ্ঠান এএফইএস জানায়, তারা প্রাথমিক অবস্থায় আগুন শনাক্ত করে তাৎক্ষণিক স্মার্টফোনে অ্যালার্ট পাঠানোর এআই প্রোগ্রাম তৈরিতে চীনা ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে চুক্তি করছে।

শাংহাইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টার্স -এর প্রতিনিধি ছুই তাছেং শিল্পক্ষেত্রে মানব আকৃতির এআই এর কার্যকারিতা তুলে ধরেন। অটোরিকশা ও গাড়ির জটিল অটোমেশনে এই প্রযুক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে জানান তিনি ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এআই-এর ক্ষমতায়ন-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলা বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী বাণিজ্য থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের দিকে স্থানান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *