৩৩তম এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের অর্থনৈতিক নেতাদের সম্মেলন এ অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ‘শেনচেন সম্মেলনের মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।‘
বৃহস্পতিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‘এবারের সম্মেলন ছিল চলতি বছর চীনের আয়োজিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজন। এতে ‘এপেক নেতাদের শেনচেন রূপরেখা’ গৃহীত হয়েছে।‘ তার ভাষায়, দলিলটি অত্যন্ত উচ্চাভিলাষী, বাস্তবসম্মত ও সামগ্রিক। চীনের সভাপতিত্বের বছরে এটি এপেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংহতি ও পারস্পরিক সহযোগিতা, উন্মুক্ততা, উদ্যোগ ও উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে একটি এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলার আহ্বান জানান।
ওয়াং ই বলেন, ‘কেমন এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলা প্রয়োজন এবং কীভাবে তা বাস্তবায়ন করা সম্ভব, সে বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিং চীনের প্রস্তাবগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।‘
চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সম্মেলন এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়াকেও আরও গতিশীল করেছে। এ ছাড়া সম্মেলনে ‘এপিইসি যোগাযোগ ও সংযোগ পরিকল্পনা’ অনুমোদিত হয়েছে। এর লক্ষ্য অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা, সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার, নীতি ও নিয়ন্ত্রক পর্যায়ে সহযোগিতা বাড়ানো এবং মানুষের চলাচল আরও সহজ করে তোলা।
কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারবিষয়ক এপিইসি বিবৃতি গ্রহণেও চীনের ভূমিকার কথা তুলে ধরেন ওয়াং ই। তিনি বলেন, ‘এই বিবৃতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে। এর মাধ্যমে মানসম্মত পূর্ণ কর্মসংস্থান, জনসেবা এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে।‘
ওয়াং ই আরও জানান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে প্রেসিডেন্ট সি বেশ কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে এশিয়া-প্যাসিফিক সম্প্রদায়বিষয়ক গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা, বিশ্ব উপসাগরীয় অঞ্চলগুলোর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা গঠনের প্রস্তাব এবং বিভিন্ন বাস্তবমুখী সহযোগিতা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান।
ওয়াং ই বলেন, ‘শেনচেন সম্মেলন এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলার মূল ভিত্তি ও অগ্রাধিকারগুলো নির্ধারণ এবং তা বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছে।‘
তিনি আরও বলেন, ‘বলা যায়, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলার যাত্রার প্রকৃত সূচনা হয়েছে শেনচেন থেকেই।‘
সিএমজি

















