ইয়ুননানের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিলেন ওয়াং সিয়াওহং - Mati News
Monday, November 9

ইয়ুননানের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিলেন ওয়াং সিয়াওহং

স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং সিয়াওহং। শনিবার ও রোববার দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশ সফরকালে তিনি এ আহ্বান জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য ও স্টেট কাউন্সিলর ওয়াং সিয়াওহং বলেন, নতুন উন্নয়ন দর্শন পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করতে হবে। স্থানীয় বাস্তবতা বিবেচনায় নীতিগত পদক্ষেপ আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সফরকালে অনলাইন জুয়া, টেলিযোগাযোগভিত্তিক প্রতারণা, মাদকসংক্রান্ত অপরাধ ও চোরাচালানের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওয়াং। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত ব্যবস্থাপনা ও নজরদারি আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

ইয়ুননানের সিশুয়াংবান্না তাই স্বায়ত্তশাসিত অঞ্চল ও প্রাদেশিক রাজধানী খুনমিং সফর করেন ওয়াং সিয়াওহং। এ সময় তিনি সীমান্ত বন্দর, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, শিল্পাঞ্চল এবং জননিরাপত্তা চৌকি পরিদর্শন করেন।

তিনি বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ইয়ুননানকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে প্রদেশটির অবস্থান আরও শক্তিশালী করতে হবে।

এ ছাড়া পর্যটন, সংস্কৃতি ও ফুল চাষের মতো সম্ভাবনাময় খাতের বিকাশে ইয়ুননানের নিজস্ব সুবিধাগুলো কাজে লাগানোর আহ্বান জানান ওয়াং। পাশাপাশি উদ্ভাবননির্ভর উন্নয়ন জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

সূত্র: সিএমজি

Yunnan - Wikiwand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *