চীনা ভাষা ও টাইপিং দক্ষতায় তরুণদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুতির আহ্বান - Mati News
Monday, September 14

চীনা ভাষা ও টাইপিং দক্ষতায় তরুণদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুতির আহ্বান

চীনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে তরুণদের চীনা ভাষার পাশাপাশি লিখিত যোগাযোগ ও টাইপিং দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং।

শুক্রবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রথম ‘চাইনিজ ক্যারেক্টার হিরোস’ চীনা টাইপিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

লি শাওফেং বলেন, টাইপিং প্রতিযোগিতার মতো উদ্ভাবনী উদ্যোগ তরুণদের চীনা ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়ন সম্পর্কে আগ্রহী করে তুলবে। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার সুযোগ তৈরি হচ্ছে। চীনা ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশি তরুণেরা যেমন চীনকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছেন, তেমনি চীনা জনগণেরও বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ তৈরি হচ্ছে।

তরুণদের চীনের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়ন সম্পর্কে আরও জানার আহ্বান জানিয়ে লি শাওফেং বলেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে একটি সুন্দর ও সমৃদ্ধ বৈশ্বিক সম্প্রদায় গঠনে ভূমিকা রাখবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিতে চীনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ভাষার গুরুত্বও বাড়ছে।

তিনি বলেন, শুধু কথ্য চীনা ভাষা নয়, চীনা অক্ষর লেখা ও টাইপিংয়ের মতো ব্যবহারিক দক্ষতাও তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে।

বাংলাদেশের তরুণদের শুধু দেশের অভ্যন্তরীণ কর্মবাজারের জন্য নয়, বৈশ্বিক কর্মবাজারের জন্যও প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, চীনা ভাষা শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের জন্য নতুন শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের স্থানীয় পরিচালক অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্বের আরও ছয়টি দেশের প্রতিযোগী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Pictures\Sequence 04.03_39_54_08.Still046.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *