জাতিসংঘ সনদ দৃঢ়ভাবে মেনে চলার আহ্বান চীনের - Mati News
Sunday, November 15

জাতিসংঘ সনদ দৃঢ়ভাবে মেনে চলার আহ্বান চীনের

জাতিসংঘ সনদ মেনে চলা এবং একতরফা পদক্ষেপের বিরোধিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির এক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।

জাতিসংঘ সনদবিষয়ক বিশেষ কমিটির প্রতিবেদন এবং সংস্থাটির ভূমিকা জোরদার নিয়ে আয়োজিত এ বৈঠকে সুন লেই বলেন, সমসাময়িক আন্তর্জাতিক আইনের শক্ত ভিত্তি হলো জাতিসংঘ সনদ। আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রেও এটি মৌলিক নির্দেশনা হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নানা পরিবর্তন ও অস্থিরতার মধ্যে জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থা রক্ষা করা আগের যে কোন সময়ের চেয়ে বেশি জরুরি।

সুন লেই বলেন, প্রকৃত বহুপক্ষীয় ব্যবস্থা প্রতিষ্ঠায় সব দেশকে সমান গুরুত্ব দিতে হবে। দেশের আয়তন, শক্তি কিংবা সম্পদ—কোনটির ভিত্তিতেই বৈষম্য করা উচিত নয়। আন্তর্জাতিক সমস্যার সমাধান হতে হবে আলোচনা ও যৌথ পরামর্শের মাধ্যমে।

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার বজায় রেখে বিশ্বশান্তি, বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা জোরদারে অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাবে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *